পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে কী কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটি পুরোপুরি নিশ্চিত করা হয়নি। নির্দেশনায় বলা হয়েছে, অনিবার্য কারণবশত এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বান্দরবান জেলা প্রশাসনের এক বার্তায় বলা হয়েছে, অনিবার্য কারণবশত পর্যটকদের আগামী ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সাম্প্রতিক খাগড়াছড়িতে বেশ কয়েকটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের না আসতে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা যায়, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে সম্প্রতি সময়ে সংগঠিত সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি একাধিক সূত্রের।